তরিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||
তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করালেন কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান।
জানা যায়, এসএসসি পরীক্ষা কেন্দ্রের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরপর দু'দিন পরীক্ষায় দায়িত্ব পালন করেছেন টৈটং উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আনছারুল হক। অপরদিকে অভিযোগ উঠেছে একই কেন্দ্রে শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের এক সন্তান পরীক্ষা দিলেও তার আপন ভাই ইমাম হোছাইনকে প্রতিদিন ডিউটির তালিকায় রাখা হচ্ছে।
কেন্দ্র সচিব মোস্তফা আলী বলেন, ‘পরীক্ষার হলে তৃতীয় শ্রেণির কর্মচারীর ডিউটি করার কোন বিধান নেই। টৈটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদ পরিচয় গোপন করে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে শিক্ষক পরিচয়ে আমাদের তালিকা দিয়েছিল। আমরা বিষয়টি জানা মাত্রই ব্যবস্থা নিয়েছি।'
শিক্ষক সঙ্কটের কথা উল্লেখ করে টৈটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদ বলেন, ‘এ জন্য তৃতীয় শ্রেণির একজন কর্মচারিকে দু'বার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা নিয়মে নেই। আগামী পরীক্ষা থেকে তাকে আর পাঠাবো না৷
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, আমি গতকাল এধরণের অভিযোগ পাওয়া মাত্র তৃতীয় শ্রেণির কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার নির্দেশ দিয়েছি এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।