
ময়মনসিংহের গফরগাঁওয়ে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে আফরা মাহনাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের জামতলা মোড় সংলগ্ন আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে ও স্থানীয় সেন্ট্রাল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তারা পৌর শহরের জামতলা মোড়ে একটি তিনতলা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকত।
স্থানীয়দের ভাষ্য, শনিবার দুপুরে শিশুটি ঘরের ভেতরে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে দোল খাওয়ার সময় ওড়নাটি শিশুটির গলায় পেঁচিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’